দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চালু থাকা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে নামিয়ে আনার সম্ভাবনা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়। সরকারি সংবাদ সংস্থা বাসসের বরাতে এ তথ্য জানা গেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরবর্তীতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।
আলোচনায় উল্লেখ করা হয়, বর্তমানে এসএসসি বা সমমান পাস করার পর শিক্ষার্থীরা চার বছর মেয়াদি এই কোর্সে ভর্তি হয়। যদিও অতীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটি তিন বছর মেয়াদি ছিল। পরবর্তীতে মেয়াদ বাড়িয়ে চার বছর করা হলেও পাঠ্যক্রমে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়নি।
এ কারণে শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশে অতিরিক্ত এক বছর সময় ব্যয় হচ্ছে বলে মত দেন সংশ্লিষ্টরা। কোর্সের মেয়াদ পুনরায় তিন বছরে নির্ধারণ করা হলে শিক্ষার্থীরা এক বছর আগেই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে—এমন সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার কথাও সভায় তুলে ধরা হয়।