
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আল-নূর মোহাম্মদ আয়াসসহ দুই আসামির জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালতকক্ষে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ঢাকার সিএমএম আদালতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি দেখে বিচারক এজলাস ছেড়ে চলে যান। পরে পরিস্থিতি শান্ত হলে তিনি আবার এজলাসে ফিরে এসে আয়াসসহ দুই আসামিকে কারাগারে আটক রাখার আদেশ দেন।
গত ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল-নূর মোহাম্মদ আয়াসসহ চারজন গ্রেপ্তার হন। পরে তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিদ্বেষ ছড়ানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করে পুলিশ।
এ মামলায় পরদিন আদালত আয়াসসহ দুজনের তিন দিন করে এবং অপর দুজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তী সময়ে আয়াসসহ দুই আসামির জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালতকক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক 











