
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: তোফাজ্জল হোসেন খান
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজার এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় বড়চওনা-কালিহাতী আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে গেলে কস্তুরীপাড়া বাজার সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে সড়ক অবরুদ্ধ হয়ে যায়। ফলে কালিহাতী থেকে বড়চওনা হয়ে সখীপুরগামী এবং বিপরীতমুখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
ঘটনার পর সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। জরুরি কাজে বের হওয়া যাত্রী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হন। স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে গাছ সরানোর চেষ্টা চালালেও বড় গাছ হওয়ায় তাৎক্ষণিকভাবে সড়ক সচল করা সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত গাছ অপসারণ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর লেখা পর্যন্ত সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং গাছ অপসারণের কাজ চলমান রয়েছে।











