
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দপ্তরকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন অভিযোগভিত্তিক প্রচারণা চালানো হচ্ছে। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, এসব অভিযোগের পেছনে রয়েছে স্বার্থান্বেষী একটি চক্র, যারা অ্যাটর্নি জেনারেল অফিসে চলমান শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী পদক্ষেপে অসন্তুষ্ট।
সূত্রমতে, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে অফিসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও দায়িত্ব থেকে অপসারণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই কঠোর অবস্থানের কারণেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। অভিযোগগুলো এখনো প্রমাণিত নয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদন্তেও সত্যতা পাওয়া যায়নি।
আইন অঙ্গনের বিশিষ্টজনদের মতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হলে তা অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই হওয়া উচিত। তবে কোনো প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো ন্যায়বিচার ও আইনের শাসনের পরিপন্থী।
বিশ্লেষকদের মতে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি চ্যালেঞ্জিং কাজ। তাই চলমান সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে অপপ্রচার ও গুজবের আশ্রয় নেওয়া নতুন কিছু নয়।
সচেতন মহল দেশের জনগণকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেছে, সত্য উদঘাটনের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার, সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবের নয়।











