
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-র স্থলাভিষিক্ত হবেন দিনেশ ত্রিবেদী। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম-এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন দিনেশ ত্রিবেদী।
৭৫ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিক ভারতের পশ্চিমবঙ্গের পরিচিত মুখ। তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়-এর দল তৃণমূল কংগ্রেস-এর প্রতিনিধি হিসেবে ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে তিনি রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পরে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন বাস্তবতায় এই নিয়োগ বিশেষ তাৎপর্য বহন করছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কাটিয়ে ওঠার প্রক্রিয়া চলছে। বর্তমানে তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা-দিল্লি সম্পর্ক আবারও স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে।
এমন প্রেক্ষাপটে অভিজ্ঞ রাজনীতিক দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের শীর্ষ কূটনৈতিক প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক 








