
টাঙ্গাইল, নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী বেনজির আহমেদ টিটো-এর নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। নির্বাচনে ‘এ’ ও ‘বি’ উভয় ক্যাটাগরির ৩০টি পরিচালক পদের সবগুলোতেই তার প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় বেনজির আহমেদ টিটো টাঙ্গাইলের ব্যবসায়ী সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়ী সমাজের বিপুল সমর্থন ও আস্থার কারণে তার প্যানেল এই ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।
তিনি আরও বলেন, এটি তার জীবনের প্রথম নির্বাচন এবং ব্যক্তিগতভাবে প্রায় শতভাগ ভোট পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য সকল ভোটার ও ব্যবসায়ী সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
বেনজির আহমেদ টিটো বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আমি বিশ্বাস করি, টাঙ্গাইলের ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও চেম্বারের অগ্রগতির স্বার্থে নির্বাচনে অংশগ্রহণকারী সকলকে সঙ্গে নিয়েই আগামী দিনে কাজ করতে হবে।”
নবনির্বাচিত এই ব্যবসায়ী নেতা টাঙ্গাইল চেম্বারকে আরও গতিশীল, আধুনিক ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
ব্যবসায়ী মহলে এই বিজয়কে টাঙ্গাইল চেম্বারের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।










