
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মো. জোয়াহেরুল ইসলাম (৭০) আর নেই। ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয়েছে।
কলকাতার দমদম এলাকায় অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেডে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এই রাজনীতিক। এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত মাল্টি অর্গান ফেলিওর ও হৃদ্রোগজনিত জটিলতায় তিনি মারা যান।
রাজনৈতিক অঙ্গনে জোয়াহেরুল ইসলাম ছিলেন টাঙ্গাইলের পরিচিত মুখ। ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার পাশাপাশি স্থানীয় রাজনীতিতে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। টাঙ্গাইল-৮ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে যান এবং কলকাতার নিউটাউন এলাকায় বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রীও মেডিকেল ভিসায় ভারতে যান। পরিবারসহ সেখানেই অবস্থান করছিলেন তিনি।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ প্রাথমিকভাবে কলকাতায় সংরক্ষণ করা হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে।











